একটি শিল্পের পিছনে শুধু রং, তুলির আঁচড় কিংবা কারিগরের দক্ষতা থাকে না – থাকে একজন মানুষের শ্রম, একটি পরিবারের স্বপ্ন এবং কখনও কখনও হারিয়ে যেতে বসা একটি ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার লড়াই। কিন্তু বাজারের প্রতিযোগিতা ও দ্রুত বদলে যাওয়া শহুরে জীবনে সেই শিল্পী ও কারিগরদের অনেকের কাজই পৌঁছয় না বৃহত্তর মানুষের কাছে। সেই দূরত্ব কিছুটা কমানোর চেষ্টা করছে খামখেয়ালের ‘Art & Autumn’।
শিল্পকে শুধু প্রদর্শনীর দেওয়ালে আটকে না রেখে মানুষের জীবনের সঙ্গে আরও কাছাকাছি নিয়ে আসা এবং স্থানীয় ও উঠতি শিল্পীদের জন্য একটি বিকল্প বাজার ও পরিচিতির পরিসর তৈরি করার লক্ষ্যেই খামখেয়ালের উদ্যোগে দক্ষিণ কলকাতার Gallery Gold-এ আয়োজিত হতে চলেছে তিন দিনের এই উৎসব। আগামী ৯ থেকে ১১ অক্টোবর ২০২৬ চলবে ‘Art & Autumn’।
এই আয়োজনের বিশেষত্ব এখানেই – এটি শুধুমাত্র কেনাবেচার জায়গা হিসেবে নিজেদের দেখতে চায় না। বাংলার হারিয়ে যেতে বসা পুতুলশিল্প থেকে শুরু করে সমকালীন হস্তশিল্প ও লোকশিল্প—ঐতিহ্য এবং আধুনিক সৃষ্টিশীলতার নানা ধারাকে একই ছাদের নিচে আনার চেষ্টা থাকছে এখানে। পাশাপাশি প্রান্তিক ও নবীন শিল্পীদের কাজকে শহরের দর্শকের সামনে তুলে ধরে তাঁদের সৃষ্টিশীলতাকে আরও টেকসই জীবিকার সঙ্গে যুক্ত করার ভাবনাও রয়েছে আয়োজকদের।

এই আয়োজনে নিজেদের শিল্পকর্ম ও সৃষ্টিশীল কাজ নিয়ে উপস্থিত থাকছেন মোট ২৩টি ব্র্যান্ড। অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলির মধ্যে রয়েছে Bashi Putul, Mitali, Amart, Arts & Crafts, Bunot, CBI, Diyotima, Essenz, House of Abhilasha, Joyantika, Kaleidoscope, Lady Moyra, Liv Queer, Mehak, MoniMajusha, Pucheezz, Sutapa’s Craft Nook, Udjapon- Caricature, Wah Boutique, Alhaadir Songsaar, Soham’s, Soul Studio এবং Udis Craftstore। বিভিন্ন ধরনের শিল্প, হস্তশিল্প ও সৃজনশীল কাজের এই বৈচিত্র্যময় সম্ভার উৎসবের অন্যতম আকর্ষণ হতে চলেছে।
প্রদর্শনীর আড়ালে লুকিয়ে থাকা নান্দনিকতা আর সুরের ছন্দই একে সাধারণ মেলার চেয়ে আলাদা করে তুলেছে। তিন দিন ধরে প্রতি সন্ধ্যায় থাকবে স্থানীয় ব্যান্ড ও একক সঙ্গীতশিল্পীদের মনকাড়া পরিবেশনা। কেনাকাটার পাশাপাশি গান-বাজনার এই মেলবন্ধন অনুরাগী মনকে নতুন প্রাণ যোগাবে।
উৎসবের এই উদযাপনে উপস্থিত থেকে রঙ ছড়াবেন সংস্কৃতির নানা ক্ষেত্রের গুণী ব্যক্তিত্বরা। থাকছেন বিশিষ্ট অভিনেত্রী অপরাজিতা ঘোষ ও অরিজিতা মুখোপাধ্যায়, পরিচালক অভিজিৎ গুহ, প্রখ্যাত আলপনা শিল্পী রত্নাবলী রায় এবং লোকসংগীত সংগ্রাহক চন্দ্রা মুখোপাধ্যায়।
নিজের শিকড় ও সংস্কৃতিকে সম্মান জানিয়ে স্থানীয় কারিগরদের এক ছাদের তলায় নিয়ে আসার এই আন্তরিক চেষ্টা সত্যিই প্রশংসনীয়। শরতের এই রঙিন সন্ধ্যায় খামখেয়ালের এই ‘Art & Autumn’ যে শহরবাসীর মন কাড়বে, তা বলাই বাহুল্য।

